প্রতিবেদক রোমাঁ মোলিনা জানিয়েছেন, আইভরি কোস্টের আন্তর্জাতিক ফুটবলার দিয়োমান্দের রিয়াল মাদ্রিদে যোগদানের প্রক্রিয়া পিছিয়ে গেছে। তাঁর এজেন্সির আইনি সমস্যার পাশাপাশি এর পেছনে আরও কারণ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোলিনা লেখেন, ‘প্রত্যাশিতভাবেই আইনি প্রক্রিয়া দিয়োমান্দের দলবদলের গতি কমিয়েছে। রিয়াল মাদ্রিদ অভিযোগ পাওয়ার পর বিষয়টি জানতে পারার পর থেকে গত কয়েক দিন ধরে রক নেশনের প্রতিভাবানেরা সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন, অথচ এর আগের কয়েক মাস তাঁরা সবাইকে উপেক্ষা করেছিলেন…’
‘রক নেশনের অপেশাদারত্ব—হাস্যকর সেই ভুয়া সংবাদবিবৃতির কথা না-ই বা বললাম—বিস্ময়কর। তবে রিয়াল মাদ্রিদও খুব একটা ভালো নয়: কালাফাত কীভাবে কিছুই জানতেন না? তা সত্ত্বেও, দলবদল বিলম্বিত হওয়ার আরও কারণ রয়েছে। এর মধ্যে দুই ক্লাবের বিরোধ এবং দিয়োমান্দের বিকল্প খেলোয়াড় চূড়ান্ত করতে আরবি লাইপজিগের সমস্যাও রয়েছে।’
‘একটি বিষয় পরিষ্কার করা জরুরি: কোনো পক্ষই চুক্তিটি ভেস্তে যাক, তা চায় না। এর মধ্যে রয়েছে আরবি লাইপজিগ, খেলোয়াড়, রক নেশন, সাবেক এজেন্টরা—আরবি লাইপজিগের সঙ্গে প্রতিনিধিত্বের সম্পর্ক থাকায় যাঁরা দলবদল ফির একটি অংশ পেতে পারেন—এমনকি রিয়াল মাদ্রিদও; চুক্তিটি সম্পন্ন করতে তারা অন্য পক্ষগুলোর স্বার্থ বিসর্জন দিতেও প্রস্তুত…’